সাংবাদিকের মোবাইল ছুঁড়ে ফেলার অভিযোগে এসআই প্রত্যাহার

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

গাজীপুরের শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের বিরুদ্ধে এক সাংবাদিকের মোবাইল ফোন ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটির পরপরই তাকে থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানা প্রাঙ্গণে। প্রত্যক্ষদর্শীরা জানান, এক ঘুষ সংক্রান্ত অভিযোগের বিষয়ে তথ্য নিতে যাওয়া এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে এসআই আলমগীর ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে মাটিতে ছুঁড়ে ফেলেন।

ঘটনার সময় সেখানে আরও কয়েকজন সংবাদকর্মী উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ও বিবরণ ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। সাংবাদিক ও সাধারণ নাগরিকরা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় সাংবাদিকরা এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের অভিযোগ— পুলিশের এ ধরনের আচরণ শুধু সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, বরং আইনের প্রতি আস্থা নষ্ট করে।

সাংবাদিক হোসাইন আলী বাবু বলেন,

আমি ভুক্তভোগীর বক্তব্য নেওয়ার পর এসআই আলমগীরকে প্রশ্ন করেছিলাম। তখন তিনি উত্তেজিত হয়ে আমার মোবাইল ছুঁড়ে ফেলেন। পরে আমি বিষয়টি পুলিশ সুপারকে জানাই।

গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান,

ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর এসআই আলমগীরকে শৃঙ্খলাভঙ্গের দায়ে ক্লোজ করা হয়েছে। বিভাগীয় তদন্তের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সদর দপ্তর থেকেও ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে। সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনে স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *