চকরিয়ায় ছুরিকাঘাতে ও পিটিয়ে ২ জনকে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

2 Min Read

কক্সবাজারের চকরিয়ায় পৃথক দুটি ঘটনায় ছুরিকাঘাত ও পিটিয়ে দুই যুবককে হত্যা করা হয়েছে। শনিবার (২৭শে সেপ্টেম্বর) সকালে ও ভোরে সংঘটিত এ হত্যাকাণ্ডে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

প্রথম ঘটনাটি ঘটে শনিবার সকাল ১১টার দিকে বদরখালী ইউনিয়নের ফুলতলা খাসপাড়ায়। পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ হারান হারুনুর রশীদ (৪৫)। নিহত হারুন পেশায় সিএনজি চালক এবং ছাবের আহমদের ছেলে। বাড়ি নির্মাণের কাজ চলাকালে জমির সীমানা নিয়ে বিরোধ বাধে। একপর্যায়ে শেখ আহমদের ছেলে খোকা অতর্কিতভাবে এসে চাচা হারুনের বুকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে বুকের বাম পাশে গভীর ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

অন্য ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৫টার দিকে মাতামুহুরি ব্রিজ এলাকায়। নিহত গিয়াস উদ্দিন (৪৫) ছিলেন স্থানীয় একজন ইজিবাইক গ্যারেজ মালিক। শুক্রবার রাত ২টার দিকে মোটরসাইকেলে চিরিঙ্গা যাওয়ার পথে প্রতিপক্ষরা তাকে গতিরোধ করে। স্ত্রী জান্নাতুল নাঈমের দাবি—তৌহিদের নেতৃত্বে ৫ জন আগে থেকেই ওঁত পেতে ছিল। তারা গিয়াসকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে ভোরে তার মরদেহ মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়। মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ও হাতে কামড়ের দাগ ছিল বলে সুরতহালে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জমি বিরোধ ও পূর্বশত্রুতার জেরে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *