রাজধানীর তেজগাঁও কলেজ সংলগ্ন স্বপ্ননিবাস হোস্টেলে এক ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রীকে কক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনাস্থল থেকে হোস্টেল পরিচালক রাজিয়া বেগমকে আটক করেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে।
অভিযোগ অনুযায়ী, ঢাবির শামসুন্নাহার হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রী হোস্টেলটিতে থাকতেন। ওই রাতেই তার এক অতিথি দেখা করতে গেলে পরিচালক রাজিয়া বেগম অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ছাত্রীটিকে মারধর করেন এবং জোরপূর্বক কক্ষে আটকে রাখেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় আটকে রাখার পর ছাত্রীটি অচেতন হয়ে পড়েন। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে পরিচালক রাজিয়া বেগম বাধা দেন। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রনেতা—জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি এবং হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদক—ঘটনাটি শেরেবাংলা থানায় জানান। পরে পুলিশ এসে রাজিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।
শেরেবাংলা থানার এক কর্মকর্তা জানিয়েছেন,
ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাকে মারধর ও হেনস্তা করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা নিরাপদ আবাসন ও হোস্টেল ব্যবস্থাপনায় কড়া নজরদারির দাবি জানিয়েছেন।
