চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র গুলি করে হত্যার (ব্রাশফায়ার) নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন,
আমার এ নির্দেশনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিএমপির সব থানা ও ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বেতার বার্তার (অয়্যারলেস) মাধ্যমে মৌখিকভাবে এ নির্দেশনা দেন তিনি।
নির্দেশনার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,
আমি আমার সদস্যদের এ ধরনের নির্দেশনা দিয়েছি। আপনারা জানেন, ২০২৪ সালের ৬, ৭ ও ৮ আগস্ট চট্টগ্রাম শহরের বিভিন্ন থানা থেকে পুলিশের অস্ত্র লুট হয়েছে। ফলে অনেক অস্ত্র এখন বাহিরে রয়েছে। এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে যায়নি বা অপরাধমূলক কাজে ব্যবহার হচ্ছে না—এটা আমরা নিশ্চিত নই।
তিনি আরও বলেন,
সম্প্রতি নির্বাচনি গণসংযোগে যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে, সেখানে ব্যবহৃত অটোমেটিক পিস্তলটি পুলিশের অস্ত্র হতে পারে। আমরা যদি অস্ত্রটি উদ্ধার করতে পারতাম, তাহলে নিশ্চিত হওয়া যেত সেটি আমাদের কি না। এ পরিস্থিতিতে আমি নির্দেশ দিয়েছি, যে বা যারা অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসবে, তাকে যেন গুলি করে মেরে ফেলা হয়।
কমিশনারের ভাষায়,
এটা দণ্ডবিধির ৭৫, ৭৬, ৯৬ থেকে ১০৬ ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে—আত্মরক্ষার স্বার্থে জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিরোধ করা যায়।
উল্লেখযোগ্য যে, এর আগেও গত আগস্টে সিএমপি কমিশনার একইভাবে নির্দেশ দিয়েছিলেন—অভিযান বা টহলের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে ‘দেখামাত্র গুলি’ চালাতে।
চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে অস্ত্রধারী অপরাধীদের তৎপরতা এবং পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
