শনিবার (২২ নভেম্বর) সিলেটের গোলাপগঞ্জে ভোররাতের গোপন অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬০ রাউন্ড গুলিসহ দুটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। রনকেলি নুরুপাড়া এলাকার একটি বসতবাড়ির পিছনের ঝোপঝাড়ে লুকিয়ে রাখা এসব অস্ত্র স্থানীয়দের নজরে না পড়লেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত এয়ারগান দুটি বিদেশি মডেলের এবং পুরোপুরি সচল অবস্থায় ছিল। প্রাথমিকভাবে অস্ত্রগুলোর উৎস শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট বিভাগে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি সম্প্রতি আরও কঠোর হয়েছে। চলতি বছর, আগস্ট ২০২৪ থেকে ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, প্রায় ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩,৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তা মন্তব্য করেন,
সিলেট বিভাগে শান্তি ও স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে আমাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া অস্ত্রগুলো কোনো অপরাধী চক্রের গোপন মজুদ হতে পারে। এ বিষয়ে তদন্ত অব্যহত রয়েছে।
