রাজধানীতে কঠোর নিরাপত্তা, মোতায়েন ১২ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মোতায়েন করা হয়েছে প্রায় ১২ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর)  দুপুরে ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, প্রধান সড়ক ও মোড়গুলোতে সাঁজোয়া যান অবস্থান করছে। পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে ১২ প্লাটুন বিজিবি, সঙ্গে রয়েছে সেনা সদস্যদের যৌথ অভিযান দল।

নাশকতা ঠেকাতে র‌্যাবও নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শহরময় বসানো হয়েছে ৭০টি টহল দল ও ৪০টি চেকপোস্ট। গোয়েন্দা নজরদারিতে রয়েছেন প্রায় ৪ হাজার র‌্যাব সদস্য। যেকোনো ধরনের নাশকতার তথ্য পেলে তাৎক্ষণিক অভিযান চালানো হচ্ছে।

অন্যদিকে, রাজধানীর প্রবেশমুখ ও প্রধান মোড়গুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অস্থায়ী চেকপোস্টে চলছে যানবাহন ও পথচারীদের তল্লাশি কার্যক্রম।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মাসুদ আলম জানিয়েছেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিয়মিত বাহিনীর পাশাপাশি অতিরিক্ত ৭ হাজার সদস্য মাঠে কাজ করছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

এদিকে, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, লকডাউনের নামে যদি কেউ নাশকতার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীজুড়ে এখন কড়া নজরদারি চলছে—মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, চেকপোস্ট ও নজরদারিতে পুরো শহর যেন এক নিরাপত্তা বলয়ে পরিণত হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *