চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব সদস্য হত্যার ঘটনায় এখন পর্যন্ত ২০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। নিহত হন র্যাবের ডিএডি আব্দুল মোতালেব, যিনি সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিতে গিয়ে হামলার শিকার হন।
র্যাব সূত্র জানায়, ধারাবাহিক অভিযানের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে এসব আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে র্যাব-৭ চট্টগ্রাম ১৩ জন এবং জেলা পুলিশ ৭ জনকে আটক করেছে।
সর্বশেষ ২৭ মার্চ নোয়াখালীর কবিরহাট থেকে পারভেজ, চট্টগ্রামের পাহাড়তলী থেকে বেলাল এবং বায়েজিদ বোস্তামী এলাকার শেরশাহ থেকে সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এর আগে সীতাকুণ্ড, দক্ষিণ কাট্টালী ও চাঁদগাঁওসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়। জানুয়ারিতেও চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাধিক আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাপিড একশন ব্যাটেলিয়ন -৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এআরএম মোজাফ্ফর হোসেন জানান, মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, এ হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানোর সময় র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে চারজন সদস্য গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর র্যাব-৭ সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা, হত্যাচেষ্টা ও হামলার অভিযোগে মামলা দায়ের করে। সেই মামলার ধারাবাহিকতায় এখনো অভিযান চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
