খুলনার নিউমার্কেট এলাকা থেকে মোংলা উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদারকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) রাতের এই অভিযানে তাকে আটক করার পর আজ শনিবার (২২ নভেম্বর) আদালতে সোপর্দ করা হয়।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইস্রাফিল হাওলাদারকে আটক করা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকায় এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষ হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
ইস্রাফিল হাওলাদারের গ্রেফতারের খবরে স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতেন।
