ডিবি সেজে ছিনতাই:  গণপিটুনির পর পুলিশের হাতে দুই প্রতারক

নিজস্ব প্রতিনিধি

1 Min Read

চুয়াডাঙ্গার জীবননগরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই ব্যক্তি। স্থানীয়দের ধাওয়া ও গণপিটুনির পর তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের আরও চার সহযোগী পালিয়ে গেছে বলে জানা গেছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পীচমোড় চিংড়িখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিবি পুলিশের জ্যাকেট পরে কয়েকজন ব্যক্তি ওই এলাকায় এক নারীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পারেন। এরপর এলাকাবাসী ধাওয়া দিলে দুইজন ধরা পড়ে যায়। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়। তবে তাদের সঙ্গে থাকা আরও চারজন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়া এলাকার ইউসুফ আলী বিশ্বাসের ছেলে রিজভী সালমান রহমান (২৯) এবং একই উপজেলার গাবতলাপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আহাদ আলী (৩৫)।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *