পুরান ঢাকার আরমানিটোলায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসাইন।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে আরমানিটোলার পানির পাম্প গলিতে টিউশনি করতে যাওয়া বাসার সিঁড়িতে তার লাশ উদ্ধার করা হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, যে বাসায় লাশটি পাওয়া গেছে, সেটিই ছিল জুবায়েদের টিউশনির জায়গা। তিনি বলেন,
এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
নিহত জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতির দায়িত্বও পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আশপাশের এলাকায় হঠাৎ চিৎকার শুনে কয়েকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় জুবায়েদকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত নয়। এলাকাবাসীর দাবি, টিউশনির জন্য নিয়মিত ওই বাসায় যেতেন জুবায়েদ; সম্প্রতি কোনো ধরনের শত্রুতার খবর তারা জানতেন না।
নিহতের পরিবার ও সহপাঠীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে পুরান ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
