উচ্চশিক্ষার জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ আট দফা দাবিতে রংপুরে ঢাকা–কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে রংপুরের তাজহাট মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা কৃষি শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে আসছেন, যা দ্রুত নিরসন করা প্রয়োজন।
তাদের দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করা, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়ন, চাকরিতে দশম গ্রেড বাস্তবায়ন এবং প্রতিবছর ধারাবাহিক নিয়োগ নিশ্চিত করা।
অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা ঢাকা–কুড়িগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে। জনভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে বেলা ১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
শিক্ষার্থীরা জানান, দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তারা বলেন, আট দফা দাবি আদায়ে গত নয় মাস ধরে আন্দোলন চলছে। সর্বশেষ এক সপ্তাহ ধরে ক্লাস ও চূড়ান্ত পরীক্ষা বর্জন করে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
