চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি জাপানের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ও সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি।
প্রধান উপদেষ্টাকে বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইটটি বুধবার, ২৮ মে, জাপানের স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১১টা ৫ মিনিটে) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।
এই সফরে ড. ইউনূস জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি, জাইকা ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করবেন।সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।
আলোচনায় প্রাধান্য পাবে অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে মাতারবাড়ি-মহেশখালী প্রকল্প, এবং জাপানের বিনিয়োগ প্রসার সংক্রান্ত বিষয়গুলো।জাপানের শ্রমবাজারে বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
একই সঙ্গে, ঢাকা-টোকিও সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়েও দুই পক্ষ আলোচনা করবে।প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশ সফরে জাপানের কাছে সহজ শর্তে ও স্বল্প সুদে এক বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রস্তাব উপস্থাপন করবে।
এই সফরকে ঘিরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
