দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ১২ নেতাকর্মীকে একযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী অব্যাহতি পাওয়া নেতারা হলেন— সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শহীদুল আলম মামুন, জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান এবং মাশফিক আলম ভূইয়া।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাবি ছাত্রদলের মধ্যে বেশ কিছুদিন ধরেই সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা, দায়িত্ব পালনে শৈথিল্য এবং অভ্যন্তরীণ কোন্দল চলছিল। কেন্দ্রীয় নেতারা একাধিকবার সতর্ক করার পরও পরিবর্তন না আসায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
ছাত্রদলের একাধিক নেতাকর্মীর ভাষ্য, ঢাবি শাখা ছাত্রদল দলীয় আন্দোলন, কর্মসূচি ও মাঠের রাজনীতিতে কাঙ্ক্ষিত সক্রিয়তা দেখাতে পারছিল না। এতে কেন্দ্রের অসন্তোষ বেড়েছিল।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সংগঠনকে আরও গতিশীল করতে এবং ঢাবির মতো গুরুত্বপূর্ণ ইউনিটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত জরুরি হয়ে পড়েছিল। তবে শূন্যপদ পূরণে দ্রুত নতুন কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে।”
এই ঘটনায় ঢাবি ছাত্রদলের তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এই সিদ্ধান্তকে “দলকে শৃঙ্খলাবদ্ধ করার সঠিক পদক্ষেপ” বলছেন, আবার কেউ অভিযোগ করছেন, “কেন্দ্রের সঙ্গে মতপার্থক্য থাকলেই অব্যাহতি দেওয়া হচ্ছে।”
ছাত্রদলের কেন্দ্রীয় সূত্র জানিয়েছে, ঢাবি ছাত্রদলে শৃঙ্খলা ফেরাতে আরও কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। শিগগিরই নতুন নেতৃত্বের ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে।
