নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, যে মানুষ সমুদ্রের উত্তাল ঢেউকে ভয় পায় না, তাকে ভয় দেখানো যায় না।
রোববার (২৫ জানুয়ারি) হাতিয়া উপজেলার ১০ নম্বর জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে এনসিপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তিনি কথা বলতে এসেছেন তাদের পক্ষে, যাদের কাছ থেকে সিএনজি স্ট্যান্ডে চাঁদা নেওয়া হয়। তিনি আরও বলেন, তিনি কৃষক ও জেলেদের পক্ষে কথা বলছেন, যারা প্রতিদিন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে জীবন বাঁচায়; আজ তাদেরই ভয় দেখানো হচ্ছে।
হান্নান মাসউদ বলেন, সাধারণ মানুষ প্রশাসনকে দেখে ভয় পায় না, ভয় পায় সন্ত্রাসীরা। তাই তারা বাড়িতে থাকতে পারে না।
এ সময় তিনি বুড়িরচরকে পৌরসভা এবং জাহাজমারাকে উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এছাড়া এমপি নির্বাচিত হলে জাহাজমারা কমিউনিটি কলেজকে অনার্স ও মাস্টার্স পর্যায়ে উন্নীত করার আশ্বাস দেন। নিঝুম দ্বীপে যাতায়াত সহজ করতে জাহাজমারা থেকে মোক্তারিয়া ঘাট পর্যন্ত মহাসড়কের আদলে সড়ক নির্মাণের কথাও জানান তিনি।
সবশেষে তিনি হাতিয়ার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
