ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসনে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে বরগুনা জেলা জামায়াতে ইসলামী’র সহ-সচিব মো. শামীম আহসানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে তাকে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে।
গত ২২ জানুয়ারি বরিশালের সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি-২ এর বিচারক শেখ ফারহান নাদীম এ সুপারিশ করেন। মো. শামীম আহসান বরগুনার পাথরঘাটা উপজেলার কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আবেদনকারী বলেন, আসন্ন নির্বাচনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে শামীম আহসান সরাসরি প্রচারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। অভিযোগটি তদন্তের জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিতে দাখিল করা হয়।
কমিটির বিচারক চিঠিতে উল্লেখ করেন, শামীম আহসানের বিরুদ্ধে আনা অভিযোগটি নির্বাচনী আইন ও আচরণবিধির আওতাভুক্ত এবং অনুসন্ধানের যোগ্য। অভিযোগ গ্রহণের পর তাকে সশরীর উপস্থিত হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানেননি এবং শুধুমাত্র লিখিত জবাব দাখিল করেন।
সর্বশেষ অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
