গুঞ্জনটা ছিল অনেকদিন ধরেই। এবার সেটি সত্যি হলো—করপোরেট জগতের সফল ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষ থেকে আজ সোমবার (৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।
এনএসসি থেকে বিসিবিতে দুজন পরিচালক মনোনয়নের সুযোগ রয়েছে। তাদের মধ্যে একজন ছিলেন ইসফাক আহসনা, যিনি গত মাসে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে পদ থেকে অব্যাহতি পান। সেই শূন্যস্থানেই মনোনয়ন পেয়েছেন রুবাবা দৌলা। আজ বিসিবির সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।
২০০৭–০৮ সালে মনোয়ারা আনিস মিনু ছিলেন বিসিবির প্রথম নারী পরিচালক। প্রায় দেড় দশক পর আবারও একজন নারী এ পদে আসীন হতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, দৌলা বিসিবির নারী উইংয়ের দায়িত্ব পেতে পারেন।
রুবাবা দৌলার পেশাগত ও ক্রীড়া সংগঠক জীবনের ইতিহাস বেশ সমৃদ্ধ। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলসহ শীর্ষ টেলিকম প্রতিষ্ঠানে উচ্চপর্যায়ের পদে দায়িত্ব পালন করেছেন।
১৯৯৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণফোনে দায়িত্ব পালনকালে তিনি প্রধান যোগাযোগ কর্মকর্তা এবং প্রধান বিপণন কর্মকর্তার পদে ছিলেন। সেই সময়ে দেশের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার মাধ্যমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। ২০০৭ সালে গ্রামীণফোন ও বিসিবির যৌথ উদ্যোগে মিরপুরে জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রুবাবা দৌলা।
করপোরেট জগত ছাড়াও ক্রীড়াঙ্গনে তার অবদান অনস্বীকার্য। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ব্যাডমিনটন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রুবাবা দৌলার এই মনোনয়নকে নারী নেতৃত্বের বিকাশ এবং দেশের ক্রীড়া প্রশাসনে বৈচিত্র্য ও আধুনিকতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
