বিসিবিতে জাহানারা আলমের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা

স্পোর্টস ডেস্ক

2 Min Read

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের উত্থাপিত যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করে স্বাধীন তদন্ত কমিটি।

বিসিবির এক বিবৃতিতে জানানো হয়, নির্ধারিত সময়সীমা অনুযায়ী ৩১ জানুয়ারির মধ্যেই তদন্ত কার্যক্রম শেষ করে কমিটি। আজ আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন বোর্ডের হাতে তুলে দেওয়া হয়েছে।

প্রতিবেদন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন তদন্ত কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা। কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. নাঈমা হক বিদেশে অবস্থান করায় উপস্থিত থাকতে পারেননি। তবে তদন্ত প্রতিবেদনে কী উঠে এসেছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তদন্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম জানান, নির্ধারিত সময়ের মধ্যেই অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরে এক ইউটিউব সাক্ষাৎকারে বিসিবির নারী বিভাগের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম এবং সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানি ও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন জাহানারা আলম। সে সময় বোর্ডে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলেও দাবি করেন তিনি।

অভিযোগের পর বিসিবি প্রথমে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে, পরে আরও দুই সদস্য যুক্ত করা হয়। প্রাথমিকভাবে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও জাহানারার আবেদনের পর সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *