মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরাসরি প্রশ্ন তুলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা কতটা নিশ্চিত—তা জানতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও আইপিএল কর্তৃপক্ষকে আলাদা চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
গুটিকয়েক উগ্রবাদীর হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজের নাম বাদ পড়ার ঘটনায় বিষয়টি শুধু একজন ক্রিকেটারের মধ্যে সীমাবদ্ধ নেই বলেই মনে করছে বিসিবি। বোর্ডের এক পরিচালক বলেন,
একজন জাতীয় দলের খেলোয়াড় যদি ভারতে নিরাপদ না হন, তাহলে পুরো দল কীভাবে নিরাপদ থাকবে—এই প্রশ্নটা আমাদের করতেই হয়।
শনিবার (৩ জানুয়ারি) রাতে ভার্চুয়াল বৈঠকে বিসিবির পরিচালনা পর্ষদ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয়, রোববার আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। সেখানে স্পষ্ট করে জানতে চাওয়া হবে—ভারতে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দল কী ধরনের নিরাপত্তা পাবে, অন্য দলের তুলনায় বাড়তি কোনো ব্যবস্থা থাকবে কি না এবং ব্যক্তি মোস্তাফিজকে নিরাপত্তা দিতে না পারা ভারত সরকার পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিত করতে কতটা সক্ষম।
চিঠিতে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে। ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশি গণমাধ্যমকর্মী, বোর্ড কর্মকর্তাসহ সমর্থকদের জন্য ভারত কতটা নিরাপদ—সে প্রশ্নেরও ব্যাখ্যা চাইবে বিসিবি। বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন,
এটা শুধু ক্রিকেট নয়, এটা আমাদের নাগরিকদের নিরাপত্তার প্রশ্ন।
আইপিএলের প্রধান নির্বাহীর কাছেও আলাদা চিঠি পাঠানো হবে। কোন প্রেক্ষাপটে মোস্তাফিজকে অনিরাপদ ঘোষণা করা হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে না জানিয়ে কেন বিষয়টি আগে ভারতীয় গণমাধ্যমে প্রকাশ পেল—এসবের ব্যাখ্যা চাইবে বিসিবি। বোর্ডের ভাষায়,
এ ধরনের আচরণ একজন আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য চরমভাবে বিব্রতকর।
দুই চিঠির উত্তর দ্রুত সময়ের মধ্যে পাওয়ার আশা করছে বিসিবি। সন্তোষজনক জবাব না মিললে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিতও মিলেছে। বোর্ডের এক পরিচালক বলেন,
পরিস্থিতি আমাদের এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে কঠিন সিদ্ধান্ত ছাড়া উপায় নেই।
সব মিলিয়ে মোস্তাফিজ ইস্যুতে ভারতের নিরাপত্তা প্রশ্নে বিসিবি এখন আর নীরব নয়। আন্তর্জাতিক মঞ্চে বিষয়টি কতদূর গড়ায়, সেটাই এখন দেখার অপেক্ষা।
