বাংলাদেশ ইস্যুতে পিসিবির অবস্থানের প্রতি পাকিস্তানি ক্রিকেটারদের পূর্ণ সমর্থন

স্পোর্টস ডেস্ক

2 Min Read

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নীতিগত অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বোর্ডের নেওয়া অবস্থানকে তারা যুক্তিসংগত ও দৃঢ় বলে মনে করছেন।

রোববার (২৫ জানুয়ারি) পিসিবি চেয়ারম্যানের সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়দের এক বৈঠকে আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্ত এবং এ সংক্রান্ত বোর্ডের অবস্থান তুলে ধরা হয়। বৈঠকে খেলোয়াড়রা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির মধ্যকার এই ইস্যুতে পিসিবির নীতিগত অবস্থানের প্রতি একমত পোষণ করেন।

উল্লেখ্য, নিরাপত্তা ও খেলোয়াড়দের কল্যাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকৃতি জানালে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে। আইসিসি দাবি করে, ভারতে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি।

এ সিদ্ধান্তকে আইসিসির দ্বিমুখী নীতির প্রতিফলন বলে মন্তব্য করে পিসিবি জানায়, টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে সরকার যে নির্দেশনা দেবে, বোর্ড সেটিই অনুসরণ করবে। পাশাপাশি ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধেও অবস্থান স্পষ্ট করা হয়।

পিসিবি চেয়ারম্যান বলেন, খেলাধুলা রাজনীতির প্রভাবমুক্ত থাকা উচিত এবং ক্রিকেটের মূল নীতিমালার মধ্যেই সব সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। বাংলাদেশের প্রতি পাকিস্তানের সমর্থনও সেই নীতির আলোকে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৈঠকে আরও জানানো হয়, আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলোতে ভালো পারফরম্যান্সের জন্য দলগত ঐক্য ও মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় দলের খেলোয়াড়দের সামর্থ্য ও প্রতিভার ওপর আস্থা প্রকাশ করে ভালো ফলাফলের প্রত্যাশা করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *