পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবিতে ক্রিকেটারদের অবস্থান কঠোর থাকায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের দ্বিতীয় বিপিএল ম্যাচও স্থগিত করা হয়েছে। বিসিবির পক্ষ থেকে তাকে সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হলেও ক্রিকেটারদের অসন্তোষ কাটেনি।
ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, নাজমুল ইসলাম পরিচালক পদে বহাল থাকলে তারা মাঠে নামবে না। এর প্রভাব সরাসরি পড়ে বিপিএলে, ফলে একের পর এক ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত আসছে।
এ অবস্থায় সংকট নিরসনে বৃহস্পতিবার রাত ৮টায় কোয়াবের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই বৈঠকের ফলাফলের ওপরই বিপিএলের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।
আলোচনার টেবিলে সমাধান আসে কি না, নাকি আরও অনিশ্চয়তায় পড়বে বিপিএল—সেদিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেট অঙ্গন।
