চট্টগ্রাম নগরের চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১২ নভেম্বর) বিকেলে পরিচালিত এ অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, ১৩ নভেম্বরকে ঘিরে ছাত্রলীগের কিছু সদস্য নাশকতার পরিকল্পনা করছিল এবং সেই পরিকল্পনার সঙ্গে নওফেলের বাড়ি থেকে খাবার সরবরাহের যোগসূত্র পাওয়া যায় বলে প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন ৭ জনকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিরা দাবি করেছেন, তারা নিকটস্থ ‘মিলানো রেস্টুরেন্ট’-এর কর্মচারী এবং খাবার সরবরাহ করতে এসেছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং এখনো কারও নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
উল্লেখ্য, মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রয়াত তিনবারের চট্টগ্রাম সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানা গেছে।
