তিন দফা দাবিতে টানা দশম দিনের আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

2 Min Read

বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ তিন দফা দাবিতে টানা দশম দিনের মতো রাজপথে অবস্থান করছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

মঙ্গলবার(২১শে অক্টোবর) সকাল থেকেই রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষকরা। সকাল থেকে চলছে তাদের অবস্থান কর্মসূচি। বেলা ১১টার দিকে বিভিন্ন সংগঠনের নেতারা এসে আন্দোলনে সংহতি জানানোর কথা রয়েছে। দুপুরে শাহবাগে মুখে কালো কাপড় বেঁধে প্রতীকী অবস্থান কর্মসূচিও পালন করবেন তারা।

আন্দোলনকারীরা জানান, টানা কর্মসূচি ও আমরণ অনশনেও দাবি না মানায় ক্ষোভ আরও বাড়ছে। সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর আশ্বাস না পাওয়ায় আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন তারা।

গত ৩০ সেপ্টেম্বর শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মাত্র ৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে বিক্ষোভে নামে। পরে শিক্ষা মন্ত্রণালয় ভাতা দুই থেকে তিন হাজার টাকা বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে পাঠালেও তা এখনও বাস্তবায়নের পর্যায়ে পৌঁছেনি।

রোববার (১৯ই অক্টোবর) বিকেলে শিক্ষক-কর্মচারীদের ‘ভুখা মিছিল’ কর্মসূচি বাধাগ্রস্ত হয়। শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে যাত্রা শুরু করলে হাইকোর্টের মাজার গেটে পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়ে তারা। পরে ফিরে এসে শহীদ মিনারেই পুনরায় অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।

সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অনশন চলবে। তিনি বলেন, “আমরা ক্লাসরুম ছেড়ে রাজপথে এসেছি শিক্ষকদের ন্যায্য অধিকারের জন্য। দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর হবে।”

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *