জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা তিন ঘণ্টার বেশি সময় সড়ক অবরোধের পর বুধবার (২২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরে যান।
এর আগে দুপুর ১২টার দিকে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়। বাধার মুখে তারা সড়কেই বসে পড়েন এবং বিক্ষোভ চালিয়ে যান।
পরে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে। তবে প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষা উপদেষ্টার সাক্ষাৎ না হওয়ায় শিক্ষক নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অভিযোগ করেন, শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলের সঙ্গে অপমানজনক আচরণ করেছেন। তিনি বলেন,
আমরা ভেবেছিলাম অন্তত সৌজন্যমূলক আচরণ পাবো। কিন্তু তিনি দেখা না করে অসম্মানজনক আচরণ করেছেন, যা গোটা শিক্ষক সমাজের প্রতি অবমাননা।
এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন কাজী মোখলেছুর রহমান। একই সঙ্গে তিনি শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান।
শিক্ষকদের ৫ দফা দাবি
১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন।
২. এমপিওভুক্তির জন্য যাচাই-বাছাই সম্পন্ন ১০৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন ও প্রজ্ঞাপন প্রকাশ।
৩. স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন মাদ্রাসার এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ।
৪. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি।
৫. স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জন্য আলাদা অধিদফতর স্থাপন।
শিক্ষকদের দাবি, তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় এই পাঁচ দফার বাস্তবায়ন এখন সময়ের দাবি।
