নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলায় পৃথক অভিযানে অস্ত্র, বুলেট, ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বেগমগঞ্জ মডেল থানার নানুপুর গ্রামের শহিদ উল্লার নতুন বাড়িতে অভিযান চালিয়ে মো. ফয়েজ আহমেদ (৩৬)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড বুলেট ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
একইদিন সদর উপজেলার সুধারাম মডেল থানাধীন সোনাপুর বাস টার্মিনাল এলাকায় আরও এক অভিযান পরিচালনা করে মো. সাগর (২৭), মো. সালাউদ্দিন (৫৬) ও মো. আব্দুল করিমকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১.৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ অর্থদণ্ড প্রদান করেন।
নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এই কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
