কক্সবাজার সফরে শীর্ষ পাঁচ এনসিপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতাকে কক্সবাজার সফরের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলীয় দফতর। বুধবার (৬ আগস্ট) দলটির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত চিঠিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশনা দেয়া হয়।

নোটিশ পাওয়া নেতারা হলেন—দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

দলীয় চিঠিতে উল্লেখ করা হয়, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে তারা ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছিলেন। এ সফরের বিষয়ে দলীয় রাজনৈতিক পর্ষদকে পূর্বে কোনো তথ্য দেওয়া হয়নি।

ঘটনার দিন ঢাকায় দলীয় কর্মসূচি চলাকালে এনসিপির এই নেতারা কক্সবাজারের উখিয়ার মেরিন ড্রাইভের ইনানীর হোটেল সি পার্ল বিচ রিসোর্টে অবস্থান করছিলেন। এ সময় তারা কক্সবাজারে এসে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে অস্বীকার করে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,

এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করার পর এরকম খবর দেখি। এর কোনো ভিত্তি নেই।

দলীয় নোটিশে বলা হয়েছে, কেন তারা কেন্দ্রীয় কর্মসূচির দিন কক্সবাজার সফরে গিয়েছিলেন এবং কেন রাজনৈতিক পর্ষদকে অবহিত করা হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *