গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে পরমাণু বিজ্ঞানীর ফাঁসি কার্যকর

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এক পরমাণু বিজ্ঞানীর। বুধবার (৬ আগস্ট) দেশটির বিচার বিভাগ জানিয়েছে, রুজবেহ ভাদি নামে ওই বিজ্ঞানীর ফাঁসি দেওয়া হয়েছে।

ইরানের বিচার বিভাগের অনলাইন পোর্টাল মিজান জানিয়েছে, বিচারিক প্রক্রিয়া শেষে এবং সুপ্রিম কোর্ট কর্তৃক রায় অনুমোদনের পর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। রুজবেহ ভাদি ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন এবং ইহুদিবাদী শাসনের সাম্প্রতিক আগ্রাসনের সময় নিহত এক ইরানি পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছিলেন।

সম্প্রতি ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি আরও কঠোর করতে নতুন আইন পাস হয়েছে। এই আইনে বলা হয়েছে, শত্রুরাষ্ট্র বা গোষ্ঠীর জন্য গুপ্তচরবৃত্তি প্রমাণিত হলে মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার জন্য সর্বোচ্চ ১০ দিন সময় দেওয়া হবে।

নতুন আইনটি নিয়ে ইরানের ভেতরে ও বাইরে সমালোচনা চলছে। কয়েকজন আইনজীবী এর কঠোরতার সমালোচনা করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও অন্তত এক ডজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছিলেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি এবং ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মেহেদি তেহরানচি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *