সৌজন্য সাক্ষাতে যমুনায় তারেক রহমান, সঙ্গে পরিবার

ফরহাদ হোসেন, ঢাকা প্রতিনিধি

1 Min Read

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সপরিবারে যমুনায় পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের বহনকারী গাড়ি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে প্রবেশ করে।

দেশে ফেরার পর এই প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি সাক্ষাতে বসছেন তারেক রহমান। রাজনৈতিক সূত্রগুলো বলছে, এটি একটি সৌজন্য সাক্ষাৎ হলেও সময় ও প্রেক্ষাপটের কারণে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে বের হন তারেক রহমান। পাঁচ মিনিট পর কার্যালয়ে প্রবেশ করেন এবং সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে সেখান থেকে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি স্পষ্ট করে বলেন, এই সাক্ষাতে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই।

উল্লেখ্য, গত বছরের জুন মাসে লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছিল বলে জানা যায়।

সর্বশেষ এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হলেও সংশ্লিষ্টরা এটিকে আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *