বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৪৭ সাল থেকে ২০২৫ সালের ২২ অক্টোবর পর্যন্ত দলীয় কর্মকাণ্ডে যেসব ভুল হয়েছে, সেসবের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন,
১৯৪৭ থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কারও কোনো ক্ষতি হয়ে থাকে, আমরা বিনাশর্তে তাদের কাছে ক্ষমা চাই। আমাদের ১০০টি সিদ্ধান্তের মধ্যে একটি বেঠিকও যদি হয়ে থাকে এবং তা জাতির ক্ষতি ডেকে আনে, তবে সেই ভুলের দায় স্বীকার করছি।
তিনি জানান, অতীতে অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং তিনি নিজেও একাধিকবার এই এপোলজি দিয়েছেন। সম্প্রতি এটিএম আজহার মুক্তির পরও একই কথা পুনরায় বলেছেন বলে উল্লেখ করেন জামায়াত আমির।
তার ভাষায়,
এখন কেউ কেউ বলেন, এই ভাষায় চাইলে হবে না, ওই ভাষায় চাইতে হবে। কিন্তু আমি কোনো শর্ত ছাড়াই মাফ চেয়েছি। গোটা জাতি যদি কষ্ট পেয়ে থাকে, আমি তাদের কাছেও ক্ষমা চাই।
তিনি আরও বলেন, দেশের ভেতরেও তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন, শুধুমাত্র প্রবাসে নয়।
সভায় তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআরসহ বিভিন্ন বিষয়ে গণভোটের দাবি তোলেন। এছাড়া আসন্ন নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে মন্তব্য করেন।
সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন,
জামায়াত ক্ষমতায় গেলে সংবিধান অনুযায়ী সংখ্যালঘুরা নির্বিঘ্নে থাকবে।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি যোগ করেন,
জামায়াত ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায়।
শেষে জামায়াত আমির বলেন,
রাজনীতিতে ভুল হতেই পারে, তবে ভুল স্বীকার করাই পরিবর্তনের প্রথম ধাপ। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়তে চাই, যেখানে ভিন্নমতের মানুষও নিরাপদে মত প্রকাশ করতে পারে।
