নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে প্রধান উপদেষ্টার আহ্বান

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে দেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছেন বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়ার।

বাণীতে তিনি স্মরণ করেছেন অভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর ও পেশাজীবীদের। তিনি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শাহাদাত বরণকারীদের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ করবে। আহত ও পঙ্গু হয়ে যাওয়া জুলাই যোদ্ধাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, টানা ১৬ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ-অভ্যুত্থান। এর লক্ষ্য ছিল বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এই লক্ষ্য পূরণে রাষ্ট্রযন্ত্রে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।

তিনি জানান, জুলাই গণহত্যার বিচারের কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে এবং আহত যোদ্ধাদের পুনর্বাসন কার্যক্রমও চলমান। একই সঙ্গে রাজনৈতিক ও নির্বাচনব্যবস্থা সংস্কারের জন্য রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্র সংস্কারের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই আমাদের স্বপ্ন দেখিয়েছে ন্যায় ও সাম্যভিত্তিক বাংলাদেশ গড়ার। পতিত স্বৈরাচার ও তার স্বার্থান্বেষী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে। তাই দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

তিনি আহ্বান জানান, সবাই মিলে এমন এক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *