ক্ষমতার অপব্যবহার করে প্লট আত্মসাৎ, সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

রাজধানীতে রাজউকের ১০ কাঠার একটি প্লট বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ. বি. এম. খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। তার সঙ্গে আরও সাতজনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, খায়রুল হক প্রধান বিচারপতির দায়িত্বে থাকাকালে মিথ্যা তথ্য দিয়ে এবং দ্য ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (অ্যালটমেন্ট অব ল্যান্ডস) রুলস, ১৯৬৯ এর বিধি ১৩ লঙ্ঘন করে প্লটটি নেন। তার রাজধানীর নায়েম রোডে প্রায় ১৮ কাঠা জমির ওপর ছয়তলা পৈত্রিক বাড়ি থাকলেও তিনি হলফনামায় তা গোপন করেন।

তদন্তে জানা যায়, তিনি প্লট বরাদ্দের শর্ত ভেঙে নির্ধারিত সময়ে সুদসহ কিস্তির টাকা জমা দেননি। অবসরের পাঁচ বছর পর সুদ ছাড়াই টাকা পরিশোধ করে তিনি রাজউকের নীতিমালা ভঙ্গ করেন। এভাবে ৪ লাখ ৭৪ হাজার ২৪০ টাকা সুদ পরিশোধ না করে সরকারের ক্ষতিসাধন এবং ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেছেন।

এ ঘটনায় আসামি করা অন্যরা হলেন—রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য আ.ই.ম গোলাম কিবরিয়া, মো. আবু বক্কার সিকদার, মো. আনোয়ারুল ইসলাম সিকদার, আখতার হোসেন ভুইয়া, এম মাহবুবুল আলম এবং নাজমুল হাই।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *