ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ বাংলাদেশে এসে পৌঁছানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে কিছু সময় রাখা হবে বলে জানা গেছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ হাদিকে বহনকারী বিমানটি শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা প্রায় ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিমানবন্দর থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে সমর্থকদের প্রতি। সেখান থেকে মরদেহ নেয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে।
পোস্টে বলা হয়, জুলাই জাগরণের অন্যতম প্রাণ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় এই যোদ্ধাকে সম্মান জানাতে সবাই শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে অংশ নেবেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত একটি মোটরসাইকেল থেকে গুলি করা হয় শরিফ ওসমান হাদিকে। গুলিটি সরাসরি তার মাথায় লাগে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার অনুসারীরা বলছেন, নির্ভীক কণ্ঠস্বর ও আপসহীন অবস্থানের মাধ্যমে তিনি যে সংগ্রামের দৃষ্টান্ত রেখে গেছেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় হয়ে থাকবে।
