সিরাজগঞ্জের রায়গঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কৃষক দলের দুই নেতা নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ঘুড়কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকা থেকে মোটরসাইকেলে হাটিকুমরুলের উদ্দেশ্যে যাচ্ছিলেন কৃষক দলের দুই নেতা ওমর ফারুক ও ফরিদুল ইসলাম। পথে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তরের পথে মৃত্যুবরণ করেন ওমর ফারুক। অন্যদিকে ফরিদুল ইসলাম বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত ওমর ফারুক উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের মৃত বিরু শেখের ছেলে এবং ৭নং ওয়ার্ড কৃষক দলের দপ্তর সম্পাদক ছিলেন। অপর নিহত ফরিদুল ইসলাম একই গ্রামের আকবর আলীর ছেলে এবং একই ওয়ার্ডের কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
এ ঘটনায় বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা নিহত দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই দুই নেতার আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দুজনই দলীয় কার্যক্রমের পাশাপাশি সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন।
