ফরিদপুরে মৃত গরুর মাংস বিক্রির দায়ে দুই মাংস ব্যবসায়ীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের বায়তুল আমান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন—মো. সোহাগ (২৮) ও মো. সেহেল (২৯)। দুজনই ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লার বাসিন্দা।
বায়তুল আমান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ আলাওল হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাজারে মৃত গরুর মাংস বিক্রির খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ওই দুইজনকে আটক করেন। পরে বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে প্রায় ৩০ কেজি মৃত গরুর মাংস জব্দ করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়। আদালত মো. সোহাগকে ৫ হাজার টাকা এবং মো. সেহেলকে ২ হাজার টাকা জরিমানা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন,
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অভিযুক্তদের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষ এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, নিয়মিতভাবে বাজারে এমন তদারকি কার্যক্রম বাড়ানো হলে অসাধু ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবে এবং সাধারণ ক্রেতারা নিরাপদ খাদ্য পাবেন।
