চাঞ্চল্যকর ছিনতাই: রাজধানীর মিরপুরে প্রকাশ্য দিবালোকে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা লুট

তানজিলা তন্নি, ডেস্ক রিপোর্ট

2 Min Read
Highlights
  • মিরপুর

ঢাকার মিরপুরে সকালে ঘটে গেল এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা, যেখানে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার, ২৭ মে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে মিরপুর স্টেডিয়ামের পাশে আব্দুল বাতেন সড়কে। গুলিবিদ্ধ ব্যবসায়ী মাহমুদুল ইসলাম (৫৫), মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক, বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, মিরপুর ৬ নম্বর সেকশনের বাসিন্দা মাহমুদুল ইসলাম প্রতিদিনের মতো সকালে তার অফিসের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন অস্ত্রধারী দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা সঙ্গে থাকা টাকা দাবি করলে তিনি প্রতিবাদ করেন। একপর্যায়ে তারা তাকে কোমরের বাম পাশে গুলি করে এবং ব্যাগে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন,

“ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারও সঙ্গে ছিলেন। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে, যাতে অপরাধীদের দ্রুত শনাক্ত করা যায়।”

এই ঘটনাটি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকায়, সকালের ব্যস্ত সময়ে ঘটেছে। সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা পরবর্তীতে এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করলেও এমন দুঃসাহসিক হামলা নগরবাসীর নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে।

মাহমুদুল ইসলামের স্বজনরা জানিয়েছেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে ২২ লাখ টাকা নিয়ে গেছে। পরিবার তার সুস্থতা নিয়ে চরম উদ্বিগ্ন।

রাজধানীর বুকে দিনের আলোতে এমন ঘটনার পুনরাবৃত্তি আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা কমিয়ে দিচ্ছে। অপরাধীরা যেন আগেভাগেই জানে কখন, কোথায় আঘাত করতে হবে।
এখন দেখার বিষয়, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কেমন দ্রুততার সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং আহত ব্যবসায়ীর ন্যায়বিচার নিশ্চিত করে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *