জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’ পাচ্ছে না। দলটিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে খাট, থালা, বেগুন, বালতিসহ ৫০টি প্রতীকের তালিকা থেকে একটি বেছে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিপি প্রথমে শাপলা, কলম ও মোবাইল ফোনকে পছন্দের প্রতীক হিসেবে আবেদন করেছিল। পরে আবার শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা চেয়ে সংশোধিত আবেদন দেয়। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮–এর বিধি ৯(১) অনুযায়ী প্রার্থীর প্রতীকের তালিকায় ‘শাপলা’ না থাকায় আবেদন বাতিল করা হয়েছে।
ইতিমধ্যে দলটির আহ্বায়কের কাছে চিঠি পাঠিয়ে বিকল্প প্রতীক বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। ৫০টি প্রতীকের মধ্যে উল্লেখযোগ্য হলো—আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, জগ, টিউবওয়েল, টেবিল, ফ্রিজ, বক, মোরগ, কলম, বাঁশি, লাউ, চিংড়ি, থালা, বালতি, মোবাইল ফোন, শঙ্খ, হাঁস ও হেলিকপ্টার।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শাপলা প্রতীক বিধিমালার তালিকায় না থাকায় দলটির জন্য এটি বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। এখন এনসিপিকে বিকল্প প্রতীক লিখিতভাবে জানাতে হবে।
