স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, দেশের স্বাস্থ্যখাতে বর্তমানে প্রায় ১০ হাজার ডাক্তারের প্রয়োজন থাকলেও সরকারের হাতে আপাতত সেই সংখ্যক ডাক্তার নেই। ইতোমধ্যে নতুন ৩ হাজার ডাক্তার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী অক্টোবরের দিকে তাদের বিভিন্ন স্থানে পোস্টিং দেওয়া হবে।
শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা আরও বলেন, নতুন ডাক্তার নিয়োগের পর নবাবগঞ্জ, পটুয়াখালী, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় তাদের ভাগ করে পাঠানো হবে। পাশাপাশি কনসালটেন্টদের পদোন্নতির কাজও চলছে। ইতোমধ্যে প্রায় ১ হাজার ৮০০ জন কনসালটেন্ট পদোন্নতি পেয়েছেন, বাকিদের পদোন্নতি চলতি সপ্তাহেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
আইসিইউ ব্যবস্থাপনা নিয়ে নূরজাহান বেগম বলেন, প্রতিটি আইসিইউতে একজন কনসালটেন্ট, তিনজন নার্স এবং প্রয়োজনীয় প্রযুক্তি রাখা হবে যাতে রোগীরা উন্নত সেবা পান। দেশের সক্ষমতা ও সীমাবদ্ধতার মধ্যে থেকে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখানের চিত্রকোট ইউনিয়নের কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পার্কও পরিদর্শন করেন।
