রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মোন্তাসেরুল আলম অনিন্দ্যসহ তিনজনকে আটক করা হয়।
শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে সেনাবাহিনী রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টার ঘিরে ফেলে অভিযান চালায়। সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি, বিদেশি এয়ার গান, বিদেশি কার্টিজ, ম্যাগনেট, দেশীয় অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ ১০টি সিমকার্ড, পাসপোর্ট ও এনআইডি কার্ড উদ্ধার করা হয়।
কোচিং সেন্টারের ভেতরে বিস্ফোরক দ্রব্য থাকায় বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেগুলো নিষ্ক্রিয় করে। এছাড়া পাশের একটি পুকুরে অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহে ডুবুরি দল অভিযান চালায়।
অভিযুক্ত অনিন্দ্য অতীতে একাধিকবার গ্রেফতার হয়েছিল এবং হলি আর্টিজান হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। আটক অন্য দুজন ফয়সল ও রবিনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে, যদিও স্বজনরা তাদের নির্দোষ দাবি করেছেন।
