চাকরির নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচনায় জামায়াত নেতা, চাপের মুখে ফেরত টাকা

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

3 Min Read

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামায়াতের সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ করানোর প্রলোভন দেখিয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

ভুক্তভোগীদের মধ্যে দুজন ২ আগস্ট উপজেলা ও জেলা আমির বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর দলীয় নেতাদের তোপের মুখে পড়ে সিনিয়র নেতাদের মধ্যস্থতায় টাকা ফেরত দেন সিরাজুল। জানা গেছে, ৬ আগস্ট রাতে উপজেলা জামায়াত কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়।

ভুক্তভোগীদের একজন মাসুদ রানা, যিনি স্থানীয় জামায়াতের ওয়ার্ড সভাপতি, লিখিত অভিযোগে জানান—১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার কথা বলে সিরাজুল তার কাছে এক লাখ টাকা দাবি করেন। পরে চাপের মুখে ৫০ হাজার টাকা দিলেও পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর টাকা ফেরত চাইলে সিরাজুল নানা অজুহাত দেন।

আরেক ভুক্তভোগী আব্দুল হাদী জানান, তার কাছেও এক লাখ টাকা দাবি করা হয়, পরে ৭৫ হাজার টাকায় চুক্তি হয় এবং তিনি ১৫ হাজার টাকা দেন। পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর টাকা ফেরত চাইলে একইভাবে টালবাহানা করা হয়। পরে দলীয় নেতাদের মধ্যস্থতায় টাকা ফেরত পান হাদী।

এছাড়া, পাতিল্যাকুড়া গ্রামের মফিজল হক অভিযোগ করেন, গত ৮ জুলাই সন্ধ্যায় সিরাজুল ২০-২৫ জনকে নিয়ে তার বাড়িতে হামলা চালান এবং ছেলেকে অপহরণের চেষ্টা করেন, যা স্থানীয়দের সহায়তায় ব্যর্থ হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় নেতা জানান, সিরাজুল দীর্ঘদিন ধরে শিক্ষক নিবন্ধন ও সরকারি চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি এক চাকরিপ্রত্যাশীর কাছ থেকে প্রায় ১৭ লাখ টাকা নেওয়ার ঘটনা প্রকাশ পেলে তোলপাড় সৃষ্টি হয়। এ বিষয়ে ভুক্তভোগী ও সিরাজুলের মধ্যে হওয়া এক বৈঠকের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তিনি টাকা লেনদেনের কথা স্বীকার করেন বলে দাবি করা হচ্ছে।

এক ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, তিনি কয়েক দফায় ১৬ লাখ ৯০ হাজার টাকা দিয়েছেন, পরে আরও ২ লাখ টাকা দাবি করা হয়।

উপজেলা জামায়াতের আমির মো. এরশাদুল হক ইমন দাবি করেন, এটি দলের অভ্যন্তরীণ বিষয় এবং সিরাজুল টাকা নেননি, বরং মধ্যস্থতা করেছেন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জানান, তিনটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত কমিটি গঠন হবে এবং প্রমাণিত হলে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, সিরাজুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কেবল অভিযোগকারীদের অন্য এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন। ভিডিও ফাঁস প্রসঙ্গে তিনি বলেন, সরকারি চাকরি দেওয়ার আশ্বাসে অন্য কেউ টাকা নিয়েছে, আর তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য ষড়যন্ত্র চলছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *