ডিএমপির সাবেক কমিশনারসহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

রাজধানীর রামপুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে দুজনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

রোববার (১০ আগস্ট) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন। পরোয়ানাভুক্ত অন্যরা হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। একই মামলায় গ্রেফতার রামপুরা ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আগামী ১৭ আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আমির হোসেন ঢাকায় ফুফুর বাসায় ফেরার পথে বনশ্রী-মেরাদিয়া এলাকায় পুলিশের উপস্থিতি দেখে প্রাণভয়ে পাশের একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন। ছাদের কার্নিশে ঝুলে থাকার সময় তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চালানো হয়, এতে তিনি মারাত্মক আহত হন।

একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন, এবং মায়ার ছয় বছরের নাতি বাসিত খান মুসা গুলিবিদ্ধ হয়। শিশুটি বিদেশে চিকিৎসা নিলেও এখনও কথা বলতে পারছে না।

চলতি বছরের জানুয়ারিতে এএসআই চঞ্চল সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেফতার করা হয়। তদন্ত শেষে গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করা হয়, যার ভিত্তিতে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *