উত্তরাঞ্চলে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঈশান’

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয় ‘ঈশান’। চলতি বছরের ১০ম এবং মৌসুমের ৬ষ্ঠ বৃষ্টিবলয়টি ইতোমধ্যেই ভারতের উজান থেকে সক্রিয় হয়ে দেশের উত্তরাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে, যেখানে অতি বন্যাপ্রবণ নিচু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

বৃষ্টিবলয়টি প্রায় পূর্ণাঙ্গ অবস্থায় রয়েছে, যার ফলে দেশের প্রায় ৯০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টি হতে পারে। ৪ থেকে ৮ আগস্ট পর্যন্ত এটি সর্বাধিক সক্রিয় থাকবে। উত্তরাঞ্চলে টানা বৃষ্টি ও বজ্রপাতের পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। রাজশাহী, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে সক্রিয় প্রভাব পড়বে, আর বরিশাল ও খুলনা বিভাগে প্রভাব অপেক্ষাকৃত কম হলেও মাঝে মাঝে বৃষ্টি হবে।

এই সময়ে পাহাড়ি এলাকায় ঝুঁকি বাড়বে চট্টগ্রাম ও সিলেটে। টানা বর্ষণে পাহাড়ধসের আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে সাগর সাধারণত নিরাপদ থাকতে পারে, তবে বৃষ্টিবাহী এলাকায় মাঝে মাঝে দমকা হাওয়া বইতে পারে।

বৃষ্টিবলয় চলাকালীন সময়ে দেশের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। উত্তর ও মধ্যাঞ্চলে আবহাওয়া হবে আরামদায়ক, তবে বৃষ্টি বিরতির সময় কিছুটা ভ্যাপসা গরম পড়তে পারে। দক্ষিণাঞ্চলে ভ্যাপসা গরমের প্রভাব বেশি অনুভূত হতে পারে।

‘ঈশান’ রংপুর হয়ে ৯ আগস্ট দেশের সীমানা ত্যাগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যেই বিশেষজ্ঞরা সম্ভাব্য বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *