জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবি তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
রবিবার (২১শে সেপ্টেম্বর) নিউইয়র্কে ফ্রান্সের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিন স্বীকৃতি বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি এই আহ্বান জানান। পরদিন জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনেও বিষয়টি আবারও তুলে ধরেন সানচেজ।
তিনি বলেন, এই সম্মেলন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও এটিই চূড়ান্ত নয়। ফিলিস্তিনকে দ্রুততম সময়ে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রদান করে আন্তর্জাতিক অঙ্গনে অন্য রাষ্ট্রগুলোর সমান মর্যাদা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে গাজায় চলমান সহিংসতা বন্ধ করে শান্তির পথ খোঁজার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
বামপন্থি এই নেতা বরাবরই গাজায় ইসরায়েলি অভিযানকে তীব্র সমালোচনা করে আসছেন। চলতি বছরের মে মাসে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে যৌথভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
এদিকে, ফিলিস্তিন ইস্যুতে স্পেনের অবস্থানকে কেন্দ্র করে মাদ্রিদ ও তেল আবিবের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। সম্প্রতি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্প্যানিশ প্রধানমন্ত্রীকে ‘ইহুদিবিদ্বেষী’ ও ‘মিথ্যাবাদী’ আখ্যা দেন। এর প্রতিবাদে মাদ্রিদে নিযুক্ত ইসরায়েলি কূটনীতিককে তলব করে স্পেন সরকার।
