অন্তর্বর্তী সরকারের আমলে ১১টি সংস্কার কমিশনের স্বল্পমেয়াদি ১২১টি সুপারিশের মধ্যে ১৬টি ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে, ৮৫টি বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। এছাড়া ১০টি সুপারিশ আংশিক বাস্তবায়ন হয়েছে এবং বাকি ১০টির সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আইন উপদেষ্টা এই ১২১টি সুপারিশকে ‘আশু বাস্তবায়নযোগ্য’ হিসেবে চিহ্নিত করেন। কমিশনগুলোর সুপারিশ অনুযায়ী দ্রুত সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে সরকার।
সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হওয়া উপদেষ্টা পরিষদের এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দুপুরে বৈঠক শেষ হয়। এটি অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক। এর আগে গত বছরের ২০ নভেম্বর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
প্রধান উপদেষ্টার আগমনে সচিবালয়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ১ নম্বর গেট ছাড়া বন্ধ রাখা হয় সব প্রবেশপথ, নিষিদ্ধ করা হয় দর্শনার্থী প্রবেশ।
সরকারের উদ্যোগ ও সচেতন তৎপরতায় সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের এই অগ্রগতি শাসনব্যবস্থায় কাঙ্ক্ষিত স্বচ্ছতা ও জবাবদিহিতার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
