মালয়শিয়া সফরে প্রাধান্য পাবে অভিবাসন ও বিনিয়োগ সংক্রান্ত আলোচনা

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন, যেখানে অভিবাসন ও বিনিয়োগ থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সরকারি সূত্রে জানা গেছে, সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হবে যা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করবে।

মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। এ সফরে নতুন করে অধিকসংখ্যক দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগ, পেশাদার কর্মী পাঠানো এবং প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা খাত, চিপ প্রযুক্তি উন্নয়ন, হালাল ইকোসিস্টেম এবং উচ্চশিক্ষায় সহযোগিতার মতো বিষয়গুলোতেও সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র অনুযায়ী, ১২ আগস্ট পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর প্রতিনিধি পর্যায়ে আলোচনা ও সমঝোতা স্বাক্ষরের মধ্য দিয়ে প্রতিরক্ষা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ, কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য নতুন চুক্তি চূড়ান্ত হবে।

প্রধান উপদেষ্টা সফরের দ্বিতীয় দিনে একটি আন্তর্জাতিক ব্যবসায়িক সম্মেলনে অংশ নেবেন, যেখানে মালয়েশিয়ার শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। একই দিনে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

এ সফরে গভীর সমুদ্রের সম্পদ ব্যবহারের সুযোগ, কৃষি খাতের উন্নয়ন, এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ককে আরও শক্তিশালী করার রোডম্যাপ তৈরি হবে বলে কূটনৈতিক মহলে আশা করা হচ্ছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *