মাইলস্টোন কলেজে আহতদের পাশে ব্রিটিশ চিকিৎসক দল, প্রধান উপদেষ্টার ধন্যবাদ জ্ঞাপন

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

1 Min Read

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় দ্রুত সাড়া দেওয়ায় ব্রিটিশ চিকিৎসক দলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলটির সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাজ্য সরকার নয় সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলকে ঢাকায় পাঠায়। তারা ৯ আগস্ট ঢাকায় পৌঁছে চিকিৎসা কার্যক্রম শুরু করেন। আহতদের চিকিৎসার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতেও তারা কাজ করছেন।

অধ্যাপক ইউনূস বলেন, “এত দ্রুত সহায়তা পাওয়া আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। আপনাদের উপস্থিতিই জাতিকে সান্ত্বনা দিয়েছে। সমগ্র জাতির পক্ষ থেকে আমি গভীর কৃতজ্ঞতা জানাই।”

ব্রিটিশ চিকিৎসক দলের একজন সদস্য বলেন, “আমরা বাংলাদেশের মানুষের যন্ত্রণা অনুভব করি। শুধু আহতদের চিকিৎসাই নয়, আমরা বাংলাদেশ সরকারের সঙ্গেও ঘনিষ্ঠভাবে কাজ করছি।”

প্রধান উপদেষ্টা জানান, ব্রিটিশ চিকিৎসক দলের আগমন জরুরি চিকিৎসা সহায়তা, প্রোটোকল প্রণয়ন এবং ভবিষ্যতের প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের ব্রিটিশ দলের কাছ থেকে শিখে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আহতদের মানসিক স্বাস্থ্যসেবার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

২৪ আগস্ট যুক্তরাজ্যে ফিরে যাবে চিকিৎসক প্রতিনিধিদলটি। মাইলস্টোন দুর্ঘটনার পর সিঙ্গাপুর, ভারত ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে চিকিৎসক দল পাঠিয়েছে যুক্তরাজ্য।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *