বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি বুধবারও চলবে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে মঙ্গলবার সকাল থেকে শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষের উপস্থাপন শেষ হলে আদালত শুনানি মুলতবি করে বুধবারের দিন নির্ধারণ করেন।
আসামিপক্ষের আইনজীবীরা আশা প্রকাশ করেন, খালাসের রায়ই শেষ পর্যন্ত বহাল থাকবে। তাদের অভিযোগ, মামলাটির মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে জড়ানো। তারা আরও দাবি করেন, মামলার তদন্ত ও সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়ায় নানা অসঙ্গতি ছিল।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্টের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেওয়া হয়। বিচারিক আদালতের রায় বাতিল করে হাইকোর্টের দুই বিচারপতি এ রায় দেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ ওই খালাসের বিরুদ্ধে আপিল করে এবং আপিল বিভাগ শুনানি গ্রহণে সম্মতি জানায়।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় মহিলা নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং আহত হন শেখ হাসিনাসহ দলের শতাধিক নেতা-কর্মী। অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেন।
