দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্পের অমিত সম্ভাবনা

মুসাইব ইব্রাহিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

দেশে টেলিযোগাযোগ অবকাঠামো আধুনিকায়নের অন্যতম প্রধান হাতিয়ার হতে পারে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্প। বিশেষজ্ঞদের মতে, পুরোনো প্রযুক্তির ক্যাবলের ব্যবহার দ্রুত কমলেও আধুনিক ফাইবার প্রযুক্তির চাহিদা আগামী দিনে বহুগুণ বৃদ্ধি পাবে। ফলে এ খাতকে ঘিরে সৃষ্টি হতে পারে নতুন কর্মসংস্থান, রপ্তানি আয় এবং প্রযুক্তি নির্ভর অর্থনীতির টেকসই ভিত্তি।

খুলনার শিরোমনিতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় জানানো হয়, দেশের টেলিযোগাযোগ খাতকে মানসম্মত নেটওয়ার্ক কাঠামো গড়ে তুলতে অন্তত পাঁচ লাখ কিলোমিটার ফাইবার অপটিক্যাল ক্যাবল নেটওয়ার্ক থাকা প্রয়োজন। বর্তমানে দেড় লাখ কিলোমিটার নেটওয়ার্ক থাকলেও এর প্রায় ৭৫ শতাংশই ঝুঁকিপূর্ণ ওভারহেড লাইন। বিশেষজ্ঞরা মনে করছেন, নিরাপদ যোগাযোগ অবকাঠামো নিশ্চিত করতে দ্রুত এসব সংযোগ মাটির নিচে স্থানান্তর করা জরুরি। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের বিচ্ছিন্ন ক্যাবল নেটওয়ার্ককে একটি সমন্বিত ফাইবার অবকাঠামোর অধীনে আনা হলে ব্যয় সাশ্রয় ও দক্ষতা বাড়বে।

সভায় বক্তারা আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব ও দূষণমুক্ত সবুজ কারখানার সার্টিফিকেশন অর্জন করলে স্থানীয় শিল্পের ব্র্যান্ড ভ্যালু বহুগুণ বাড়বে এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকা সম্ভব হবে। এ ছাড়া প্রযুক্তিনির্ভর নতুন বাজার সৃষ্টির পাশাপাশি শিল্পটির রপ্তানি সম্ভাবনাও উন্মোচিত হবে।

উল্লেখযোগ্য যে, ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে বাকেশি প্রথমে টেলিকম কপার ক্যাবল উৎপাদন শুরু করে। পরবর্তীতে ২০১০ সালে অপটিক্যাল ফাইবার ক্যাবল, ২০১৬ সালে এইচডিপিই টেলিকম ডাক্ট এবং ২০১৯ সালে ওভারহেড কন্ডাক্টর ও পাওয়ার ক্যাবল উৎপাদন যুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন সক্ষমতার মধ্যে রয়েছে ২৫ হাজার কিলোমিটার ফাইবার অপটিক্যাল ক্যাবল এবং ৫০ হাজার কিলোমিটার টেলিকম কপার ক্যাবলসহ অন্যান্য পণ্য। সর্বশেষ অর্থবছরে প্রতিষ্ঠানটি প্রায় ২৮ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে।

অংশগ্রহণকারীরা মনে করেন, সঠিক নীতি সহায়তা, বিনিয়োগ প্রণোদনা এবং প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে দেশে ফাইবার অপটিক্যাল ক্যাবল শিল্প ভবিষ্যতে কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটানো নয়, আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *