ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী জালাল আহমদ ওরফে ‘জ্বালাময়ী জালাল’কে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের হাতে সোপর্দ করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ওই রুমেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল হকের সঙ্গে বসবাস করছিলেন জালাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে দুই রুমমেটের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। মঙ্গলবার গভীর রাতে জালাল রুমে প্রবেশ করে লাইট অন করেন ও উচ্চস্বরে শব্দ করতে থাকেন। এতে ঘুম ভেঙে যায় রবিউলের। তিনি আপত্তি জানালে জালাল ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে বহিরাগত ও অবৈধ বলে গালমন্দ করতে থাকেন। একপর্যায়ে তিনি ছুরি দিয়ে রবিউলকে আঘাত করেন।
রক্তাক্ত অবস্থায় রবিউলকে উদ্ধার করে সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনার পর শিক্ষার্থীরা জালালের রুম ঘিরে ফেললে তিনি নিজেকে ভেতরে আবদ্ধ রাখেন। পরে প্রক্টর ও হল প্রভোস্টের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করে। রাতেই তাকে তাৎক্ষণিকভাবে মুহসীন হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, জালালের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
