শাহবাগ অবরোধে বুয়েট শিক্ষার্থীরা, তিন দফা দাবিতে আন্দোলন

মাইশা তাসনিম, ডেস্ক রিপোর্ট

2 Min Read

ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৭ আগস্ট) সকাল থেকেই শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন।

বেলা সাড়ে ১১টার দিকে টিএসসি হয়ে চারুকলার সামনে দিয়ে শাহবাগে প্রবেশ করলে পুরো মোড় শিক্ষার্থীদের স্লোগানে মুখর হয়ে ওঠে। তারা রাস্তায় অবস্থান নিলেও আটকেপড়া যানবাহনকে ঘুরিয়ে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর চেষ্টা করেন।

ব্লকেড ব্লকেড শাহবাগ ব্লকেড”, “জ্বালোরে জ্বালো আগুন জ্বালো”, “দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত”— এমন নানা স্লোগানে দাবির পক্ষে অবস্থান জানান আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। প্রয়োজনে যমুনা অভিমুখী পদযাত্রারও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ শাহবাগ এলাকায় সতর্ক অবস্থান নেয়। বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম ইমন আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

এর আগে মঙ্গলবার একই দাবিতে শাহবাগে টানা পাঁচ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা।
২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার না করা এবং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, বুয়েটের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকন হত্যার হুমকি পেয়েছেন। দ্রুত দায়ীদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *