লিবিয়া থেকে আরও ১৭৬ বাংলাদেশির দেশে ফেরা

আবিদা সুলতানা, ডেস্ক রিপোর্ট

1 Min Read

লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আটক ১৭৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাঁদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়। প্রত্যাবাসিতরা বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে সমন্বয় করে দীর্ঘদিন ধরে কাজ করছে দূতাবাস। এর অংশ হিসেবেই তাজুরা সেন্টার থেকে সর্বশেষ এই ১৭৬ জনকে দেশে পাঠানো হলো।

দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার এর নেতৃত্বে এক প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় অংশ নেন এবং বাংলাদেশি নাগরিকদের বিদায় জানান।

রাষ্ট্রদূত অবৈধ অভিবাসনের ঝুঁকি ও ক্ষতির কথা তুলে ধরে বলেন, “অবৈধভাবে বিদেশে গেলে ব্যক্তির আর্থিক ও শারীরিক ক্ষতির পাশাপাশি পরিবার ও সমাজও নানা দুর্ভোগে পড়ে। এ ধরনের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি ও সুনামকেও ক্ষুণ্ণ করে।”

প্রত্যাবাসিতরা বুরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (UZ222) করে ঢাকা পৌঁছান।বাংলাদেশ সরকার ও আইওএম-এর এ যৌথ উদ্যোগের ফলে সাম্প্রতিক সময়ে লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্র থেকে শত শত প্রবাসী বাংলাদেশি দেশে ফেরার সুযোগ পাচ্ছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *