ফিলিস্তিনিদের ওপর নজরদারিতে ব্যবহৃত ইসরাইলি সেনাবাহিনীর কিছু প্রযুক্তি সুবিধা বাতিল করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। দীর্ঘদিন ধরে ইসরাইলের অভিজাত গোয়েন্দা সংস্থা ‘ইউনিট ৮২০০’ মাইক্রোসফটের ‘আজুর’ ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে ফিলিস্তিনিদের ফোন কলের বিশাল তথ্যভান্ডার সংরক্ষণ ও বিশ্লেষণ করে আসছিল।
তদন্তে উঠে আসে, আজুরের অসীম তথ্যসংরক্ষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা ব্যবহার করে এমন এক নজরদারি নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল, যা ফিলিস্তিনের পুরো জনগোষ্ঠীর কল পুনরায় চালিয়ে দেখা ও বিশ্লেষণ সম্ভব করত। সেনাবাহিনীর অভ্যন্তরে প্রচলিত ছিল একটি কথাও—‘ঘণ্টায় ১০ লাখ কল’।
মাইক্রোসফটের অভ্যন্তরীণ অনুসন্ধানেই বেরিয়ে আসে, ইউনিট ৮২০০ কোম্পানির শর্ত লঙ্ঘন করেছে। এর জেরেই কিছু ক্লাউড স্টোরেজ ও এআই সেবা বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। তবে সম্পূর্ণ প্রযুক্তি বন্ধ হয়নি; এখনো ইসরাইলি বাহিনী মাইক্রোসফটের নানা সুবিধা ব্যবহার করছে।
প্রযুক্তি জগতে এই ঘটনাকে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। কারণ, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো সরাসরি মানবাধিকার প্রশ্নে এমন অবস্থান সচরাচর নেয় না। বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রযুক্তি-নির্ভর নজরদারির অন্ধকার দিক উন্মোচন করলো এবং ভবিষ্যতে এ ধরনের গোপন সহযোগিতা কঠোরভাবে প্রশ্নবিদ্ধ হবে।
